সকল মেনু

ভারত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আনন্দের জায়গা: রিজভী

ভারত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আনন্দ ও নিরাপত্তার জায়গা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। কেন? এটি তাঁদের অত্যন্ত প্রশ্রয়ের জায়গা, আনন্দের জায়গা ও নিরাপত্তার জায়গা। তাঁরা ভারতকে নিজের দেশ মনে করেন, বাংলাদেশকে নয়।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামেক শাখা ছাত্রদল এ সভার আয়োজন করে।

রিজভী বলেন, কথায় কথায় শেখ হাসিনা ও তাঁর দলের নেতারা স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। কিন্তু তাঁদের স্বাধীনতার চেতনা ছিল লুটপাট ও ব্যাংক লুটের স্বাধীনতা। তাঁরা জনগণের কাছে স্বাধীনতার চেতনার কথা প্রচার করতেন, আবার দিল্লিতে গিয়ে মাথা নত করতেন। তাহলে তাঁদের সেই চেতনা কোথায়?

তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেই বলেছিলেন, তিনি ভারতকে যা দিয়েছেন, তা দেশটি আজীবন মনে রাখবে। কিন্তু কী দিয়েছেন, তা দেশের জনগণ জানে না। এমনকি কেউ জানে না। দেশের সম্পদ বা স্বার্থসংশ্লিষ্ট বিষয় জনগণকে না জানিয়ে অন্য দেশের হাতে তুলে দেওয়া সার্বভৌমত্বের পরিপন্থী হতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক বিষয়।

বিএনপির এই নেতা বলেন, যখনই দেশ বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়েছে, তখনই ছাত্র-জনতা এগিয়ে এসেছে। ১৯৯০ সালে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। আর ২০২৪ সালে শেখ হাসিনার মতো একনায়ককে পরাজিত করেছে ছাত্র-জনতা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, তাঁর হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল। তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা তাঁদের মূল অনুপ্রেরণা। সিপাহী-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনেই দেশের সাধারণ শিক্ষার্থীরা সব সময় উজ্জীবিত হয়েছেন।

রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাককারুল ইসলাম, জেলা শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং রামেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top