যমুনার ভাঙনে একে একে সব হারিয়েছেন ৫১ বছর বয়সী ফজল মিয়া। বসতভিটা ভেঙেছে ১৫ থেকে ২০ বার। নদীগর্ভে বিলীন হয়েছে পৈতৃক ৭০ বিঘা জমিসহ নিজের কেনা জমিও। এখন সম্বল বলতে মাত্র তিন বিঘা আবাদি জমি। সেই জমি ও শেষ বসতভিটাটুকু নিয়েও শঙ্কায় দিন কাটছে তাঁর। এর মধ্যে নদীর পাড়ে চলে এসেছে মায়ের কবরও। সব হারানোর বেদনা নিয়ে ফজল মিয়ার আকুতি, ‘যমুনা আমার সব নিয়ে গেছে, আর কিছু হারাতে চাই না।’
জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের পশ্চিম মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা ফজল মিয়া। নদীভাঙনের সঙ্গে লড়াই করতে করতে এখন দিশাহারা তিনি। অন্যের জমিতে কৃষিকাজ ও দিনমজুরি করে কোনোমতে চলে তাঁর সংসার। চার ছেলে ও চার মেয়েকে নিয়ে তাঁর পরিবার। শেষ বসতভিটাটুকু এখন যমুনার একেবারে কিনারায়। যেকোনো মুহূর্তে সেটিও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তিনি।
ফজল মিয়ার জীবনে নদীভাঙনের পাশাপাশি রয়েছে পারিবারিক শোকের ইতিহাস। তাঁর বাবা আসির উদ্দিন যমুনায় মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে মারা যান। তবে বাবার মরদেহ খুঁজে পাওয়া যায়নি। মায়ের মৃত্যুর পর যেখানে তাঁকে দাফন করা হয়েছিল, সেই কবরও এখন নদীর তীরে চলে এসেছে। যেকোনো সময় সেটিও নদীগর্ভে বিলীন হতে পারে।
ফজল মিয়া বলেন, ‘আমার বয়স ৫১ বছর। এই বয়সে আমার বাড়ি ১৫ থেকে ২০ বার যমুনা ভেঙে নিয়ে গেছে। আমার আব্বা নদীতে নৌকা ডুবে মারা গেছেন। বাবার মরদেহটাও খুঁজে পাইনি। মায়ের কবর নদীর পাড়ে চলে এসেছে। যেকোনো সময় কবরটা নদীতে চলে যাবে।’
তিনি আরও বলেন, ‘অনেক কষ্ট করে একটা ছোট বাড়ি সাজিয়েছি। সেই বাড়ি একেবারে নদীর কাছে চলে গেছে। যেকোনো সময় এটাও ভেঙে নিয়ে যাবে। বাবার নামে থাকা ৭০ বিঘা সম্পত্তি নদীতে গেছে। আমি নিজেও প্রায় সাত-আট বিঘা জমি কিনেছিলাম, সেটাও নদী নিয়ে গেছে। এখন মাত্র তিন বিঘা জমি আছে। সেটা আবাদ করেই আট ছেলেমেয়ে নিয়ে খাই। সরকারের কাছে চাই, এখানে স্থায়ী পাইলিংয়ের মাধ্যমে ভাঙন রোধ করা হোক।’
শুধু ফজল মিয়ার পরিবার নয়, সাপধরী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়েই চলছে যমুনার ভাঙন। পশ্চিম মণ্ডলপাড়া থেকে বিশরশি, সুখচর, চেঙ্গানিয়া, আকন্দপাড়া, সিন্দুতলী, শিলদহ ও প্রজাপতি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। হুমকির মুখে রয়েছে স্কুল ও মাদরাসার মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও।
সাপধরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘এই স্কুল আমি ছয়বার ভাঙতে দেখেছি। নদী আগে এখান থেকে প্রায় দুই-আড়াই কিলোমিটার দূরে ছিল। এখন যেখানে স্কুল, সেটাও নদীর কাছে চলে এসেছে। এভাবে ভাঙলে যেকোনো সময় স্কুলটি নদীতে চলে যাবে। স্কুল বাঁচানোর জন্য হলেও এখানে একটি স্থায়ী বাঁধ করা উচিত।’
স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান বলেন, যমুনার বুকে নতুন করে বসতি গড়ে তোলা চরাঞ্চলের মানুষের সুখ দীর্ঘস্থায়ী হচ্ছে না। গত এক বছর ধরে নদীর বাম তীরে আবারও ভয়াবহ ভাঙন চলছে। চেঙ্গানিয়া থেকে বিশরশি, মণ্ডলপাড়া, সুখচর হয়ে প্রজাপতি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ভাঙন ক্রমেই বাড়ছে।
তিনি বলেন, অসময়ের এই ভাঙন দ্রুত ঠেকানো না গেলে বেলগাছা, সাপধরী, চিনাডুলি ও নোয়ারপাড়া ইউনিয়নের লক্ষাধিক মানুষ আবারও বসতভিটা ও ফসলি জমি হারিয়ে এলাকা ছাড়তে বাধ্য হতে পারেন। ইতোমধ্যে বহু পরিবার শেষ সম্বলটুকু হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে। ফসলি জমি হারিয়ে কৃষকেরাও জীবিকা নিয়ে চরম সংকটে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, অতীতে নদীভাঙন রোধে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর স্থায়ী পদক্ষেপ দেখা যায়নি। তাঁদের দাবি, সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে সমস্যার সমাধান হবে না। স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে পাইলিংয়ের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, যমুনার পানি ইতোমধ্যে নেমে গেছে। পানি নামার সময় যে ভাঙন হয়, তা কিছুটা চলমান রয়েছে। ভাঙন রোধে ইতোমধ্যে দুটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।