রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ সময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী অভিযোগ করে বলেন, ‘আমাদের জোর করে নেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে।’
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ১১ আসামিকে একে একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে নেওয়া হয়।
এদিন প্রথমে হুইলচেয়ারে করে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে এজলাসে নেওয়া হয়। এরপর সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও ৭১ টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে স্বাভাবিকভাবে নেওয়া হয়। বাকি আসামিদের নেওয়া হয় দুপুর ১২টা ৫৫ মিনিটে।
আসামিদের সবার হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাঁদের পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট। এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল কিছুটা জোরাজুরি করেন।
তবে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে নীরবে মাথা নিচু করে এজলাসে প্রবেশ করতে দেখা যায়। অন্যদিকে, জোর করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন আবদুল লতিফ সিদ্দিকী।
আসামিদের ট্রাইব্যুনালে নেওয়ার সময় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। দুই পাশে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য এবং সামনে পুলিশ সদস্যরা তাঁদের ঘিরে রাখেন।
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। তাঁদের মধ্যে গ্রেপ্তার ১১ জনকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছেন।
গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।