সকল মেনু

প্রকাশ্যে মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় নিজাম তালুকদার নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে কয়েকজন মাদকসেবীর বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের হঠাৎ বাজারে এ ঘটনা ঘটে।

আহত নিজাম তালুকদার জয়ঝাপ গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে। তিনি দৈনিক সরেজমিন বার্তার সালথা উপজেলা প্রতিনিধি, সালথা প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং অনলাইন পোর্টাল ‘সমাজের বাণী’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বাজার এলাকায় কয়েকজন মাদকসেবী প্রকাশ্যে মাদক সেবন করছিল। এ সময় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে তারা সাংবাদিক নিজাম তালুকদারের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

একজন সংবাদকর্মীর ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলার কর্মরত সাংবাদিকরা।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ বলেন, একজন সংবাদকর্মীর ওপর মাদকসেবীদের এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকসেবীদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে মাদকের বিরুদ্ধে কথা বলতেও সাংবাদিকদের হামলার শিকার হতে হচ্ছে। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সরাসরি হুমকি।

তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় সালথা প্রেসক্লাব কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top