সকল মেনু

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও হেলপার-সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

বাসের যাত্রী ও একই এলাকার বাসিন্দা আতিক ইসলাম জানান, তার কাছে টাকা থাকায় তাকে বাস থেকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার তাকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের লাথি মেরে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।

আতিক আরও জানান, তিনি চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখতে পান এবং স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে তাকেও চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হতো বলে দাবি করেন তিনি।

নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। পরে মুকুল ও শাকিব তাকে বাঁচাতে গেলে তাদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী দলের সদস্য ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে গিয়ে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মামলা হলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top