সকল মেনু

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

গাজীপুরের মৌচাকের তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এতে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাকের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকার লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। তবে কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে তারা হঠাৎ মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় আধা ঘণ্টা অবরোধের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

সকাল ৯টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে মৌচাক এলাকায় কিছুটা উত্তেজনা ছিল। পুলিশ সক্রিয় থাকায় শ্রমিকরা সরে গেছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top