ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলের অস্থিরতা কাটছে না। নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।
রোববার সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানার ফটকে আসেন। তবে বন্ধের নোটিশ দেখে অনেকেই ফিরে যান। আবার কাউকে কাউকে দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করতে দেখা যায়।
কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো হয়েছে।
এপেক্স হোল্ডিংয়ের শ্রমিক নাজমা, সুলতানা খাতুন, তুহিন শেখ ও আরিফ বলেন, প্রতিদিন কাজের জন্য কারখানায় আসেন তারা। কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছেন। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দেওয়ায় এখন তারা কাজে ফিরতে চান।
তারা আরও বলেন, প্রতিদিন কারখানায় এসে কোনো না কোনো সমস্যার মুখে পড়তে হচ্ছে। সকালে এসে বন্ধের খবর শুনতে হচ্ছে। আজ আবার অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়েছেন।
এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে উৎপাদন কার্যক্রম চলছে না।
তিনি বলেন, আজ থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সঠিক নোটিশ এখনো পুলিশের কাছে পৌঁছায়নি। অনেক কারখানা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকালে ছুটি ঘোষণা করেছে।
তিনি আরও জানান, রোববার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।