সকল মেনু

লগি-বইঠা ও দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর

লগি-বইঠা, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এসব মিছিল ও কর্মসূচি পালন করেন তাঁরা। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে দেশি অস্ত্র ও লাঠিসোঁটা দেখা যায়। কারও কারও মাথায় ছিল হেলমেট। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন। সেখানে পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে তাঁরা গাবতলা মোড়ে যান। সেখান থেকে সালাউদ্দিনের নেতৃত্বে মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। পরে মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। সেখান থেকে তাঁরা ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে সেখানে উল্লাস করেন নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়।

পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পরে এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন।

এদিকে এ কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও তাঁদের তেমন তৎপরতা ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top