সকল মেনু

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর চাপাতি নিয়ে হামলা, রিসোর্টে আশ্রয়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।

হামলার পর প্রাণ বাঁচাতে দৌড়ে রিসোর্টে আশ্রয় নেন হাসিব। এ ঘটনায় তাঁর হাতে আঘাত লাগে বলে জানা গেছে। হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, হাসিব আল ইসলাম এক তরুণীকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি তাঁদের পথরোধ করে হাসিবকে উদ্দেশ করে গালাগাল করেন। পরে তাঁর সঙ্গে হাত মেলানোর পর হঠাৎ হামলা চালান। পরিস্থিতি বুঝতে পেরে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। ভিডিওর শেষাংশে হামলাকারীর হাতে চাপাতি থাকার ইঙ্গিত পাওয়া যায়।

বালিশিরা রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিন দিন আগে হাসিব আল ইসলাম ওই রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে তিনি ও তাঁর সঙ্গে থাকা এক তরুণী রিসোর্ট থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি চাপাতি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। আত্মরক্ষার্থে হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন।

ওই কর্মচারী আরও জানান, হাসিবের হাতে আঘাত দেখতে পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষ ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধের চেষ্টা করে। পরে তাঁরা আবার অটোরিকশায় করে রেলস্টেশনের উদ্দেশে রওনা হন।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস জানান, ঘটনার পর হাসিব ট্রেনে করে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি আবার শ্রীমঙ্গলে ফিরবেন। এরপর থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

হাসিবের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগকে দায়ী করেছেন প্রীতম দাস। তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের একটি ঘটনার কথা তাঁরা শুনেছেন। তবে এ বিষয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top