সকল মেনু

‘আমার ছোট ছেলেটাও চলে গেছে, আমি এখন কী নিয়ে থাকব’

দুই সন্তানকে বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন বাবা মোহাম্মদ কবির। কিন্তু শেষ পর্যন্ত কোনো সন্তানকেই বাঁচাতে পারেননি তিনি। মাত্র দুই দিনের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই ছেলেকে হারিয়ে এখন শোকে বাকরুদ্ধ এই বাবা।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর আরবের মৃত্যুর খবর জানান বাবা কবির।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ভাই, আমার ছোট ছেলেটাও চলে গেছে। আধঘণ্টা আগে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমি কী নিয়ে থাকব এখন?’

রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবু বক্কর আরব। ডেঙ্গুর পাশাপাশি শিশুটি হাম ও নিউমোনিয়ার উপসর্গেও ভুগছিল বলে জানা গেছে।

এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে একই হাসপাতালে মারা যায় আরবের বড় ভাই ১০ বছর বয়সী মোহাম্মদ আরাফাত। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আরাফাতও ডেঙ্গুতে আক্রান্ত ছিল। পরবর্তী সময়ে তার শরীরেও হাম ও নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয়।

পরিবার সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহ ধরে অসুস্থ দুই সন্তানকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়িয়েছেন মোহাম্মদ কবির ও তাঁর স্ত্রী আয়েশা বেগম। বড় ছেলে আরাফাতকে প্রথমে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শেষ পর্যন্ত চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শুক্রবার মারা যায় সে।

সন্তানদের চিকিৎসার জন্য ধারদেনা করে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন এই দম্পতি। কিন্তু দুই সন্তানকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত তাঁদের ফিরতে হচ্ছে শূন্য হাতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top