সকল মেনু

‘আমার মতো মানুষ যদি অনিরাপত্তায় থাকে, আপনারা সহজে পার পাবেন?’

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। মধ্যরাতে তাঁর গাড়িতে হামলার অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে প্রশ্ন রেখেছেন, তাঁর মতো পরিচিত একজন মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন পরীমনি।

এর আগে রোববার রাতে গুলশানের শুটিং ক্লাবে অনুষ্ঠিত ‘ওয়েডিং কার্নিভাল’ অনুষ্ঠানে বধূর সাজে অংশ নেন তিনি। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মঞ্চে পারফরম্যান্সও করেন অভিনেত্রী। তবে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সংবাদকর্মীদের সঙ্গে তাঁর উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে।

ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘আমি এমন একটা মানুষ, যাকে আপনারা একটু হলেও গোনেন, ফলো করেন; সে মানুষটা যদি এরকম অনিরাপত্তায় থাকে, আপনারা কোনো কিছুতে খুব সহজে পার পেয়ে যাবেন? এসব ঘটনা আপনাদের সঙ্গে কোনো সময় হতে পারে না? ভাই, দুই সেকেন্ড লাগবে এসব হতে। আপনাদের জন্য দোয়া করি, এসব আপনাদের ওপর না আসুক।’

তিনি আরও বলেন, এমন পরিস্থিতির শিকার হলে ভুক্তভোগী ছাড়া অন্য কেউ প্রকৃত কষ্ট বুঝতে পারেন না।

জানা গেছে, ঘটনার পর দীর্ঘ সময় অনুষ্ঠানের ব্যাকস্টেজে অবস্থান করতে হয় পরীমনিকে। এ সময় গুলশান থানায় ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে সবকিছু সামলে অনুষ্ঠানস্থল থেকে বের হতে তাঁর বেশ সময় লাগে।

লাইভের একপর্যায়ে ব্যাকস্টেজ থেকে গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন পরীমনি। তখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানান তিনি।

পরীমনি বলেন, ‘থানার লোকজন বলল, আমি বের হতে পারব। এখানকার অথরিটি বলছে, বের হতে পারব না। এই কনফিউশনের মধ্যে আমি কি জাহান্নামে চলে যাব? কোথায় যাব? কী তামাশা হচ্ছে দেশে!’

গণমাধ্যম সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের একাংশ পরীমনিকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সাংবাদিকদের দিকে মধ্যাঙ্গুলি প্রদর্শন করেন। এ নিয়ে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অভিনেত্রী।

তবে গাড়িতে হামলার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top