ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক জেনারেল গাদি আইজেনকোট। তবে বিভক্ত বিরোধী দলগুলোকে একত্র করা এবং বিদায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক শিবির থেকে মিত্রদের সমর্থন আদায় করা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রোববার (৮ নভেম্বর) ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ৬৭ সদস্যের সমর্থন পাওয়ার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ জন সদস্য।
তবে সরকার গঠনের দায়িত্ব পেলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সহজ হবে না আইজেনকোটের জন্য। কারণ, তাঁর প্রতি সমর্থন জানানো সদস্যদের মধ্যে ইসরায়েলি আরব দল এবং অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর প্রতিনিধিরাও রয়েছেন। এসব দলের রাজনৈতিক অবস্থান ও নীতিগত মতপার্থক্য জোট গঠনের আলোচনাকে জটিল করে তুলেছে।
সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে আইজেনকোট বলেন, ইসরায়েল বর্তমানে এক জরুরি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির অমীমাংসিত যুদ্ধ পরিস্থিতি ও সম্ভাব্য কূটনৈতিক সংকট মোকাবিলায় একটি জাতীয় জরুরি সরকার গঠন প্রয়োজন।
তিনি আরও বলেন, এ ধরনের সরকার গঠনের জন্য সৃজনশীল ও প্রচলিত ধারার বাইরে গিয়ে রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোট কিংবা নেতানিয়াহু—কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। আইজেনকোটের বিরোধী শিবিরের হাতে রয়েছে ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর রাজনৈতিক জোটের রয়েছে ৫৩টি আসন।
এ পরিস্থিতিতে সরকার গঠনের জন্য আইজেনকোটকে অতি-রক্ষণশীল ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থন আদায়ের চেষ্টা করতে হবে। তবে বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে দলগুলোর সঙ্গে তাঁর শিবিরের মতবিরোধ রয়েছে।
অতি-রক্ষণশীল দলগুলো ধর্মীয় শিক্ষায় নিয়োজিত পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবার বিরোধিতা করে আসছে। অন্যদিকে আইজেনকোটের রাজনৈতিক শিবির এই নীতি কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছে।
বিকল্প হিসেবে ইসরায়েলি আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের সম্ভাবনাও রয়েছে। তবে আরব দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে ইহুদি দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় সেই পথও সহজ নয়।
রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আইজেনকোট মনে করেন, নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরানো জরুরি। এ জন্য তিনি বিরোধী শিবিরের ৪৮ সদস্যকে নিয়ে দ্রুত একটি সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করতে পারেন। সে ক্ষেত্রে আরব দলগুলোর সমর্থন প্রয়োজন হতে পারে।
তবে আইজেনকোটের সম্ভাব্য জোটের অন্যতম শরিক ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদোর লিবারম্যান জানিয়েছেন, সরকার গঠনে আরব দলগুলোর ওপর নির্ভর করার বিষয়টি তিনি মেনে নেবেন না।
এদিকে নেতানিয়াহুর সঙ্গে আইজেনকোটের ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কারণে সেই সম্ভাবনা অনেকটাই কমে এসেছে।
শনিবার এক ভিডিওবার্তায় নেতানিয়াহু অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতা আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করছেন। তিনি এসব দলকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে আখ্যা দেন।
ইসরায়েলের আইন অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে চার সপ্তাহ সময় রয়েছে। প্রয়োজনে এ সময় আরও দুই সপ্তাহ বাড়ানো যেতে পারে।
এখন নির্ধারিত সময়ের মধ্যে তিনি প্রয়োজনীয় সমর্থন নিয়ে একটি কার্যকর জোট সরকার গঠন করতে পারেন কি না, সেদিকেই নজর দেশটির রাজনৈতিক মহলের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।