দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪০ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫৪৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬০ জন, সিলেটে ২০৫ জন, বরিশালে ১৪১ জন, খুলনায় ১০৪ জন, ময়মনসিংহে ১০২ জন, রাজশাহীতে ৫৩ জন এবং রংপুরে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন।
এদিকে, একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ২৪ হাজার ৫২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা এবং হাসপাতালে রোগী ভর্তির পরিসংখ্যান নিয়মিত প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।