তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। পাশাপাশি নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব দেওয়া হয়। তিন ঘণ্টার সভা শেষে সাংবাদিকদের যৌথ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এতে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তাঁরা।
সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি। মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন জানান, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে মালিকদের কারখানার কার্যক্রমে বেশি মনোযোগ দিতে হচ্ছে। ফলে মজুরির প্রস্তাব তৈরিতে তাঁদের আরও সময় প্রয়োজন।
এ জন্য সাত কার্যদিবস সময় চাওয়া হলেও বোর্ডের সম্মতিতে চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেবে।
তবে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী মালিকপক্ষকে চার কার্যদিবসের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আগামী সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে ব্যর্থ হলেও আমরা সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে যাব। তাদের প্রস্তাবের জন্য বসে থাকব না।’
সভায় আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, শ্রমিকদের বাস্তব অবস্থা ও প্রত্যাশা জানতে চলতি সপ্তাহের মধ্যে বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলের পোশাক কারখানা পরিদর্শন করবেন বোর্ডের সদস্যরা।
এ ছাড়া মজুরি নির্ধারণের আন্তর্জাতিক সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। প্রয়োজনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন।
ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। নতুন কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হলে শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত মজুরি হাতে পাবেন বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।