সকল মেনু

কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কোনো সন্ত্রাসীকে বাংলাদেশি পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন করে পাসপোর্ট ও এনআইডি পাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ-ভারত বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে সরকার।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, একজন পলাতক আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নই ওঠে না। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগ হাস্যকর। তার দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো বিবেচনা করার সুযোগ নেই। তিনি ইতোমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে দাবি জানানো হবে। তাকে দেশে ফেরত পাওয়া গেলে যথাযথ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেওয়া হবে।

সম্প্রতি দিল্লিতে অবস্থান করে আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো আইনজীবী বা বিদেশি আইনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইনি নোটিশ কিংবা প্রতিনিধিত্ব করা হলেই শেখ হাসিনার বর্তমান আইনি অবস্থার পরিবর্তন হবে না।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, ক্ষমতায় থাকাকালে তার সরকারের সময়ে মাত্র ছয় সপ্তাহে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন। দেশ ছেড়ে ভারতে অবস্থান করেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার পক্ষে বিদেশি আইনজীবী, সলিসিটর ও জনসংযোগ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়েও সমালোচনা করেন তিনি। প্রতিমন্ত্রীর দাবি, রাষ্ট্রীয় সম্পদ থেকে লুট করা অর্থ ব্যবহার করে বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে।

যুক্তরাজ্যে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, একটি জনসংযোগ প্রতিষ্ঠান ভুল তথ্য প্রচার করে ব্রিটিশ সংসদ সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল। পরে ওই প্রতিষ্ঠানকে সরে যেতে হয়। যুক্তরাজ্যের ৬৫০ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র কয়েকজন শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন বলেও দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। ভারত থেকে আনুষ্ঠানিক প্রত্যর্পণের মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top