সকল মেনু

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, কেজিতে ধানের দাম ৩৫ টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।

এ মৌসুমে প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

খাদ্যমন্ত্রী জানান, আগামী ২৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। চাল সংগ্রহ কার্যক্রমও চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

তিনি জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুদ, সরকারি বিতরণব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার ২০২৬-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের মূল লক্ষ্য বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।

তিনি আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই এ সংগ্রহ অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, গত বছর সরকার প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে কিনেছিল। ওই মৌসুমে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top