সকল মেনু

চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক হলো ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি গ্রাম নতুন বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে রেলপথ ও সড়ক অবরোধের চার ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। জেলা বিএনপির নেতাদের আশ্বাসে রোববার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে দাবি পূরণ না হলে আগামী তিন দিনের মধ্যে আবারও অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিক ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার সকাল সোয়া ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রেলপথ অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত সাতটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবনায় নতুন ইউনিয়নটি গঠিত হয়। তাঁর বাড়ি বরিশল গ্রামে, যা আগে বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।

বাসুদেব ইউনিয়ন থেকে চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি, বৈষ্ণবপুর ও বরিশল গ্রাম বিচ্ছিন্ন করে নতুন বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন করে আসছেন এসব গ্রামের বাসিন্দারা। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশের নেতারা।

পরে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা আপাতত ৭২ ঘণ্টার জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, ‘আমরা নতুন বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে চাই না। এ দাবিতে সকাল ৭টা থেকে অবরোধ কর্মসূচি পালন করেছি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ঘটনাস্থলে আসার পর তাঁর সঙ্গে কথা বলে আপাতত ৭২ ঘণ্টার জন্য কর্মসূচি প্রত্যাহার করেছি।’

তিনি আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁদের সভা করার কথা রয়েছে। আশা করছেন, সরকার তাঁদের দাবি মেনে নেবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সদর-বিজয়নগর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশে তিনি ঘটনাস্থলে এসেছেন। আন্দোলনকারীরা তিন দিনের সময়সীমা দিয়েছেন এবং আপাতত আন্দোলন স্থগিত করেছেন।

তিনি বলেন, ইউনিয়নের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধিকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনায় বসা হবে। সেখানে জেলা প্রশাসক, প্রশাসনের কর্মকর্তা, সংসদ সদস্য ও বিএনপির নেতারা উপস্থিত থাকবেন। আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের আবেগ-অনুভূতি বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অবরোধ কর্মসূচি পালন করেন। প্রশাসনের আশ্বাসে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top