তিন দিনের সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী ডাচেস অব এডিনবার্গ সোফি। সফরে যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, নারী ক্ষমতায়ন ও রোহিঙ্গা সংকট নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বাকিংহাম প্যালেস তাঁর বাংলাদেশ সফরের তথ্য জানিয়েছে।
সোফি আগামী বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। সফর উপলক্ষে বাংলাদেশ সরকার তাঁকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) ঘোষণা করেছে। সে অনুযায়ী তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা পাবেন।
সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমানের সঙ্গে বৈঠক করবেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান সম্পর্কে জানতে এবং শান্তি ও নিরাপত্তায় নারীর অংশগ্রহণ তুলে ধরতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন।
এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস। সেখানে নারী ও মেয়েদের জন্য সুযোগ সৃষ্টিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হবে।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানেও তরুণদের সঙ্গে অংশ নেবেন তিনি। অনুষ্ঠানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।
ঢাকায় কর্মসূচি শেষে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংগঠনের কার্যক্রম দেখতে কক্সবাজার যাবেন সোফি। সেখানে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন। পাশাপাশি শরণার্থী সম্প্রদায়ের মধ্যে নেতৃত্ব ও সংকট মোকাবিলার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সম্পর্কেও অবহিত হবেন তিনি।
২০১৭ সালের পর এটি সোফির দ্বিতীয় বাংলাদেশ সফর। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে তিনি এ সফর করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।