স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সব কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে পরিবার কল্যাণকেন্দ্র করা হবে। এসব কেন্দ্রে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওই ফ্যাসিস্টদের নাম আমরা উঠিয়ে দেবো, নো কমিউনিটি ক্লিনিক। ওটাকে আমরা পরিবার কল্যাণকেন্দ্র হিসেবে নতুনভাবে চালু করব, ডাক্তার দেব।’
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রাঙ্গণে একটি ফাউন্ডেশনের মোবাইল ক্লিনিক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের অর্থ ফ্যাসিস্টরা লুটপাট করে বিদেশে পাচার করেছে। স্বাস্থ্যখাতকে ভেঙে দিয়ে গেছে। এ খাতকে দুর্নীতির খাত হিসেবে দেখা হয়। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যখাতকে এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার।
তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ পর্যায়ের পরিবার কল্যাণকেন্দ্রগুলোর জন্য ১৬ হাজার কোটি টাকার নির্মাণকাজের টেন্ডার হতে যাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদেরকে দুই বছর সময় দিন, পুরো স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন ঘটাবো, যাতে একটা রোগী ভারতের মাটিতে পা না দিতে হয়। আমাদের রোগীকে আমাদের ঘরে ফিরিয়ে আনবো। আমাদের ডাক্তারদের মেধা কোনো দেশের ডাক্তারদের চেয়ে কম নয়।’
তিনি জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (বিআইএনএস), নিউরো সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজসহ ছয়টি হাসপাতালে রোবটিক সার্জারি চালু করার পরিকল্পনা রয়েছে। এ পদ্ধতিতে রোবটের মাধ্যমে অস্ত্রোপচার করা হবে, আর চিকিৎসক যন্ত্রটি পরিচালনা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।