হলিউড তারকা জেন্ডায়ার ব্যস্ত ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরও এক নতুন অধ্যায়। খ্যাতিমান নির্মাতা ও চিত্রনাট্যকার অ্যালেক্স গারল্যান্ডের নতুন সায়েন্স ফিকশন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। পাশাপাশি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডুন: পার্ট থ্রি’।
‘সিভিল ওয়ার’ ও ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’-এর মতো আলোচিত সিনেমার সঙ্গে যুক্ত গারল্যান্ড এবার নিজের মৌলিক চিত্রনাট্য নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন। তবে সিনেমাটির নাম, কাহিনি কিংবা জেন্ডায়ার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।
সায়েন্স ফিকশনের ভিন্নধর্মী জগতে গারল্যান্ডের নির্মাণশৈলী এবং জেন্ডায়ার অভিনয় দর্শকদের জন্য কী চমক নিয়ে আসে, তা নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে ডেনিস ভিলেনুভ পরিচালিত ‘ডুন: পার্ট থ্রি’ সিনেমায় ‘চানি’ চরিত্রে ফিরছেন জেন্ডায়া। এতে পল অ্যাট্রেইডিসের চরিত্রে অভিনয় করছেন টিমোথি শ্যালামে। সিনেমাটি চলতি বছরের ১৮ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে।
মুক্তির আগেই সিনেমাটিতে জেন্ডায়ার অভিনয় নিয়ে অস্কারের সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
চলতি বছর জেন্ডায়ার ক্যারিয়ারে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা যুক্ত হয়েছে। ‘দ্য ড্রামা’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ‘দি ওডিসি’-এর মতো ভিন্নধর্মী প্রজেক্টে দেখা যাবে তাকে। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি নির্মাতানির্ভর ও পরীক্ষামূলক কাজেও নিজের অভিনয় দক্ষতা তুলে ধরছেন এই অভিনেত্রী।
বড় পর্দার বাইরেও নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন জেন্ডায়া। আগামী বছর মুক্তির কথা রয়েছে অ্যানিমেশন সিনেমা ‘শ্রেক ৫’-এর। এতে শ্রেক ও ফিওনার কন্যা ফেলিসিয়া চরিত্রে কণ্ঠ দেবেন তিনি। এ ছাড়া কিংবদন্তি সংগীতশিল্পী রনি স্পেক্টরের বায়োপিক ‘বি মাই বেবি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
সব মিলিয়ে বৈচিত্র্যময় চরিত্র ও নতুন নতুন প্রজেক্টে যুক্ত হয়ে হলিউডে নিজের অবস্থান আরও শক্ত করছেন জেন্ডায়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।