সকল মেনু

ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১২ ভক্ত নিহত

ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১২ জন ভক্ত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শস্যবোঝাই ট্রাকটি পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ওপর উঠে যায়। পরে ট্রাকটি মন্দিরের বাইরের দেয়াল ও গেটে ধাক্কা দেয়। এতে হতাহতের পাশাপাশি মন্দিরের বাইরের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।

গালিওর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ধর্মবীর সিং জানান, চিন্নরের দিক থেকে আসা ট্রাকটি রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারায়। এরপর এটি পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে থাকা ভক্তদের চাপা দেয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। অন্যরা তুলনামূলক কম আহত হয়েছেন।

এ ঘটনায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খল ও হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহত ব্যক্তিরা সবাই মন্দিরে আসা ভক্ত ছিলেন। তাঁরা বড় একটি দল নিয়ে সেখানে এসেছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top