সকল মেনু

উৎসব সব বিভাজন মিলিয়ে দেয়: রুহুল কবির রিজভী

উৎসব মানুষের মধ্যে থাকা সব বিভাজন দূর করে এবং সবাইকে একই ভিত্তির ওপর দাঁড়ানোর শক্তি জোগায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, যুগ যুগ ধরে একই ভূখণ্ডে বসবাসকারী বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে উৎসব উদযাপন করে আসছেন। অন্য ধর্মের অনুসারী হলেও সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ দিচ্ছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত রমনা কালীমন্দিরে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, হাজার বছর ধরে এ দেশের মানুষ একে অপরের ধর্মীয় উৎসবে অংশ নিয়ে আসছেন। তবে অনেকেই তাঁদের এই গণতান্ত্রিক অধিকার স্বীকার করতে চান না। পূজাকে কেন্দ্র করে নানা ধরনের অপপ্রচারও চালানো হয়েছে।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদে ও নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন। দেশের সব মন্দিরে বিএনপির নেতাকর্মীরা এই নিরাপত্তা নিশ্চিত করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, আগে প্রতিটি মন্দিরের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হতো। এখন তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। এ ছাড়া প্রতিটি মন্দিরকে ৮ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হবে। পুরোহিতদের উৎসব ভাতার সঙ্গে সরকার অতিরিক্ত ৩ হাজার টাকা যুক্ত করেছে।

রিজভী বলেন, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার মনোভাব প্রধানমন্ত্রী তারেক রহমানের এবং এটাই বিএনপির চিন্তা। সেই স্পৃহা নিয়েই বর্তমান সরকার কাজ করছে। এ দেশে হিন্দু, বৌদ্ধসহ সব ধর্মের মানুষ বসবাস করবেন এবং প্রত্যেকেই সমান অধিকার ভোগ করবেন।

অনুষ্ঠানে শ্রী শ্রী আনন্দময়ী আশ্রমের সভাপতি অপর্ণা রায় দাস, সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যসহ সনাতন সম্প্রদায়ের ভক্তরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top