সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে দুটি ট্রান্সফরমারের তামা ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—ফরিদপুর সদর উপজেলার কোমরপুর এলাকার সাইফুল ইসলাম রনি (৩৮), চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গি এলাকার সাগর শেখ (২৪) এবং সালথার স্থানীয় শুকুর মোল্যার ছেলে জিহাদ মোল্যা (২২)।
স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে জয়কাইল বাজার ও আশপাশের এলাকায় একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোটর, স্যালো মেশিনসহ বাসাবাড়ির বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছে। এর মধ্যে ২০টির বেশি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে দাবি তাদের।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর জয়কাইল এলাকায় একটি ট্রান্সফরমার চুরি হয়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে শনাক্ত করা হয়। তার খোঁজ করতে গিয়ে সদর উপজেলার ডাঙ্গিরপাড় এলাকায় গোলাপ খানের বাড়িতে অভিযান চালান স্থানীয়রা। সেখানে তিনজনকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়।
পরে তাদের আটক করে তল্লাশি চালালে খাটের নিচে দুটি ট্রান্সফরমারের তামা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তিনজনকে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিরা এলাকায় ট্রান্সফরমার, মোটর ও স্যালো মেশিনসহ বিভিন্ন মালামাল চুরির সঙ্গে জড়িত। চুরি যাওয়া মালামালের ক্ষতিপূরণ দাবি করেছেন তারা।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের কাছ থেকে দুটি ট্রান্সফরমারের তামা ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।