সকল মেনু

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারত ও পাকিস্তানের মানুষের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতের মানুষের গড় আয়ু ৭১ বছর এবং পাকিস্তানের ৬৮ দশমিক ২ বছর।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত শুক্রবার (২ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বাংলাদেশিদের গড় আয়ু ভারতীয়দের চেয়ে ১ দশমিক ৭ বছর এবং পাকিস্তানিদের চেয়ে ৪ দশমিক ৫ বছর বেশি।

তবে উত্তর আমেরিকার দেশগুলোর মানুষের গড় আয়ু বাংলাদেশের চেয়ে বেশি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গড় আয়ু বেশি হওয়া মানেই মানুষ দীর্ঘ সময় সুস্থভাবে জীবনযাপন করছেন—এমন নয়। মানুষের সুস্থভাবে বেঁচে থাকার সময় সাধারণত মোট গড় আয়ুর চেয়ে কম।

### মহামারির ধাক্কা কাটিয়ে আগের অবস্থানে গড় আয়ু

ডব্লিউএইচওর তথ্য বলছে, করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু প্রায় মহামারির আগের অবস্থানে ফিরে এসেছে।

২০২৩ সালে বিশ্বে মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩ বছর। ২০১৯ সালে এই হার ছিল ৭৩ দশমিক ৪ বছর। অর্থাৎ করোনা মহামারির আগের অবস্থানের কাছাকাছি ফিরে এসেছে বৈশ্বিক গড় আয়ু।

২০২০ সালে করোনা মহামারি বিশ্বজুড়ে ব্যাপক প্রাণহানি ঘটায়। এর প্রভাবে ২০২১ সালে বৈশ্বিক গড় আয়ু কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে আসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মানুষের গড় আয়ু বৃদ্ধি একটি বড় অর্জন। এখন পরবর্তী চ্যালেঞ্জ হলো মানুষ যেন শুধু বেশি দিন নয়, সুস্থ শরীরেও দীর্ঘ জীবনযাপন করতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top