রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে তাঁর সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।
পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ লিখেছেন, তিনি ‘সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায়’ জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
১ অক্টোবর স্পিকারকে দেয়া পদত্যাগপত্রে তিনি বলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
এরপর তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র গ্রহণ করে তা কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
পদত্যাগপত্রে এর বাইরে কোনো কারণ বা ব্যাখ্যা দেননি ফেরদৌসী আহমেদ। অর্থাৎ, রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা কিংবা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পদত্যাগপত্রে কোনো বক্তব্য নেই।
এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। এরপর তিনি জাতীয় সংসদে গিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের পর জাতীয় সংসদ সচিবালয় সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের গেজেট প্রকাশ এবং ৩ মে তাঁদের শপথ অনুষ্ঠিত হয়। ফলে দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাসের মধ্যেই সংসদ সদস্য পদ ছাড়লেন তিনি।
রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। এ ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর পদত্যাগপত্রে কোনো মন্তব্য করা হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।