প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে শিগগিরই আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে সফরের দিন-তারিখ বা মাস এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনা করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে। সফরের দিন বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে তাড়াহুড়োরও প্রয়োজন নেই। যথাযথ প্রস্তুতির জন্য সময় দেওয়া উচিত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে সামগ্রিক পরিবেশ ইতিবাচক। দুই দেশের মানুষই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে।
দীনেশ ত্রিবেদী আরও জানান, সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়েও আলোচনা হয়েছে। এসব ক্ষেত্রে দুই দেশেরই আগ্রহ রয়েছে।
এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে দীনেশ ত্রিবেদী কোনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে চাননি।
অজিত দোভালের ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে ভাই।’
এর আগে মঙ্গলবারও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই এবং যথাসময়ে সফরটি হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।