পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি তিনি পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরা সম্পন্ন করেন। এ সময় তিনি দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেন।
শনিবার (২২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে ওমরাহ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক ঢাকা ছাড়েন তিনি। এনসিপি মুখপাত্রের সঙ্গে এই সফরে এনসিপি নেতৃবৃন্দও রয়েছেন। এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন সফরসঙ্গী রয়েছেন।
ওমরা পালন শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এনসিপি নেতৃবৃন্দ। এনসিপি মুখপাত্র এ সময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বর্তমানে তিনি পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন, এরপর তিনি মদীনা মুনাওয়ারায় যাবেন। আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।