সকল মেনু

১২ বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন স্বামী

১২ বছর আগে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন স্বামী আব্দুর রহিম।

মঙ্গলবার (১১ আগস্ট) আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক এলিনা আক্তার এ খালাসের রায় ঘোষণা করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. ওমর ফারুক তথ্যটি নিশ্চিত করে জানান, ২০১৪ সালে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় মেরি নামের এক নারী মারা যান। ঘটনার পর প্রথমে নিহতের মামা একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন। সেখানে প্রমাণ না পাওয়ায় আব্দুর রহিম খালাস পান। পরবর্তীতে ঘটনার প্রায় তিন মাস পর নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলেও সিআইডিসহ পুলিশের তদন্তে হত্যার সত্যতা বা কোনো প্রমাণ মেলেনি।

আইনজীবী আরও জানান, মামলায় মোট ১৩ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ ২ জনকে আদালতে হাজির করতে পারেনি। বাকি ১১ জনের সাক্ষ্য ও জেরায় এবং বাদীর বক্তব্যেই বৈপরিত্য ধরা পড়ে। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগের একটি অংশও প্রমাণ করতে না পারায় আদালত তাকে সম্পূর্ণ খালাস দেন।

খালাসের রায় শোনার পর আদালতে কান্নায় ভেঙে পড়েন আসামি আব্দুর রহিম। পরবর্তীতে আদালত থেকে বের হওয়ার সময় আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে তিনি বলেন, ‘মিথ্যা মামলা ছিল, খালাস পেয়েছি। এজন্য আল্লাহর শুকরিয়া জানাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top