কাজের সন্ধানে বের হয়েছিলেন কয়েকজন দিনমজুর। সড়কের পাশে অপেক্ষা করছিলেন তারা। হঠাৎই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় তাদের। এতে প্রাণ হারান সাতজন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার (৭ আগস্ট) ভোরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
এ ছাড়া বাসযোগে কেউ কাজে আবার কেউ যাচ্ছিলেন প্রিয়জনের কাছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! প্রিয়জনের কাছে বা গন্তব্যে পৌঁছানোর আগেই দুই বাসের সংঘর্ষে না ফেরার দেশে পাড়ি জমালেন ৯ জন। সকাল ৭টা ১০ মিনিটে সিলেটের ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় এই দুর্ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুটি বড় দুর্ঘটনায় এতগুলো প্রাণহানি রক্তভেজা সড়কে এখন শুধুই কান্না।
বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরো চারজন মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩) ও আবদুর রহিম (৪৬) ও জয়পুরহাটের তাজমুল (৪৫)।
এদিকে সিলেট প্রতিনিধি জানিয়েছেন, সকাল ৭টার দিকে জেলার ওসমানীনগর উপজেলায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী মারা যান। ওসমানী হাসপাতালে নেওয়ার পর শিশুসহ আরো একজন মারা যান। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।