পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরকারি যানবাহনকে লক্ষ্য করে হামলার আশঙ্কায় সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) জারি করা এক নির্দেশনায় বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজন হলে যানবাহন নিরাপদ স্থানে থামিয়ে পার্কিং করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড ও অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব স্থানে নিয়মিত টহল, কড়াকড়ি নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক কার্যক্রম নজরে এলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, এটি পুলিশের নিয়মিত সতর্কতামূলক নির্দেশনা। সদস্যদের সবসময় সজাগ রাখতেই এ নির্দেশ দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।