সকল মেনু

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক ভেঙে বিক্ষোভ

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে ফেলেছেন। সচিবের সঙ্গে বৈঠকে কোনো আশ্বাস না পাওয়ার অভিযোগ তুলে আজ বিকেলে তারা এ ঘটনা ঘটান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। তারা পরীক্ষা স্থগিত ও পুনর্নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ চলাকালে বিকেল ৩টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা বোর্ডের সচিবের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে দাবি পূরণের বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে ফেলেন। এ সময় ফটকের সামনের কয়েকটি ব্যারিকেড ও স্থাপনাও ভাঙচুর করা হয়। এতে শিক্ষা বোর্ড এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি জেলার অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অমানবিক সিদ্ধান্ত। ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা পুনর্নির্ধারণের দাবি জানান তারা।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, শিক্ষার্থীরা আমাদের অবরুদ্ধ করে রাখেন। পরে তাদের সঙ্গে একটি বৈঠক হয়। তাদের দাবি ছিল সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিত করা। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ড এককভাবে নিতে পারে না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত দেয়। পরে তারা প্রধান ফটক খুলে ফেলেন। আমরা সেটি মেরামতের কাজ করছি। শিক্ষার্থীরা আপাতত আগামীকাল সকাল পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top