সকল মেনু

সালথায় দুপক্ষের সংঘর্ষে বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর, আহত ১০

ফরিদপুরের সালথা উপজেলায় ভ্যানচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের ১০ থেকে ১৫টি বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি একটি পাটখড়ির গাদা ও একটি ট্রলিতে আগুন দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ ও কাউলিকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংহপ্রতাপ এলাকার বাসিন্দা ও ভ্যানচালক বাবু তালুকদার (২২) কাউলিকান্দা স্ট্যান্ড এলাকায় গেলে তাকে হাবিবুর রহমান হাবির সমর্থকরা মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কাউলিকান্দা এলাকার হাবিবুর রহমান হাবির পক্ষের সঙ্গে ইব্রাহিম মোল্যা সমর্থিত গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় একটি পাটখড়ির গাদা ও একটি ট্রলিতে আগুন ধরিয়ে দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ইব্রাহিম মোল্যা ও হাবিবুর রহমান হাবি দুজনেই বিএনপির সমর্থক। তবে তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

মো. বাবলুর রহমান খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top