সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের এক র্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানাধীন এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে ধাওয়া করছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্বিনব্রিজ এলাকায় কর্তব্যরত র্যাব সদস্য ইমন আচার্য তাকে আটকে দেন। এ সময় ছিনতাইকারী তার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, বুকের বাম পাশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইমন আচার্যের মৃত্যু হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, দায়িত্ব পালনের সময় পুলিশের অভিযানে সহযোগিতা করতে গিয়ে হামলার শিকার হন র্যাব সদস্য ইমন। ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেলেও পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।