আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৮ মে) সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মোসলেহ্ উদ্দিন আহমদ।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্র ও শহর সবার। তাই শহর ও রাষ্ট্রকে সুন্দর, নিরাপদ ও সচল রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি জানান, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদককারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। একই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এ সময়ে সড়ক খোঁড়াখুঁড়ি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া সরকারের সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে জনগণের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।
সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, নৌপরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।