সকল মেনু

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। সেই পরিপ্রেক্ষিতে জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশও তাদের নিজ নিজ চাঁদ দেখার ভিত্তিতে তারিখ ঘোষণা করেছে। রবিবার (১৭ মে) সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তুরস্ক ও ইন্দোনেশিয়া। পরে মালয়েশিয়াও একই তারিখে ঈদ উদ্‌যাপনের ঘোষণা দেয়। এছাড়া পাকিস্তান, ওমানসহ আরও কয়েকটি দেশ আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দেয়। ফলে দেশটিতে বর্তমানে জিলহজ মাসের প্রথম দিন চলছে। সৌদি আরবে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করেন। এ উপলক্ষে দেশজুড়ে ঈদের প্রস্তুতি শুরু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top