ফরিদপুরের সালথা উপজেলায় এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মো. আব্দুল্লাহ (১৭) নামে এক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার মাঝারদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সালথা থানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
মো. আব্দুল্লাহ উপজেলার মাঝারদিয়া গ্রামের মফিজুর শেখের ছেলে। অসুস্থতা ও নিরাপত্তাহীনতার কারণে তার বাকি পরীক্ষাগুলো দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষায় নারানদিয়া জয়নদ্দিন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে অংশ নিচ্ছেন আব্দুল্লাহ। প্রতিবেশী আকুব্বর শেখের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জেরে গত ৭ মে দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যাতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
অভিযোগে বলা হয়, ঘটনার পর থেকেই আকুব্বর শেখের নাতি সুজন শেখ আব্দুল্লাহকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেন এবং তাকে চলমান এসএসসি পরীক্ষা দিতে না দেওয়ার হুমকি দেন।
ভুক্তভোগীর অভিযোগ, ১২ মে কৃষিশিক্ষা বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মাঝারদিয়া বাজারে পৌঁছালে আকুব্বর শেখের দুই ছেলে জাহিদ শেখ (৪০), স্বাধীন শেখ (২২) এবং নাতি সুজন শেখ (২০) দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
আব্দুল্লাহ জানান, হামলার পর থেকে তার মাথা ঝিমঝিম করছে এবং পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছেন না। এছাড়া তাকে আর পরীক্ষা দিতে না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাতে পড়াশোনার সময় তাদের বাড়ির টিনের চালে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে আকুব্বর শেখ বলেন, “সব অভিযোগ মিথ্যা। কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। উল্টো গত সপ্তাহে ওরা আমাদের পরিবারের সদস্যদের মারধর করেছে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী বলেন, “মো. আব্দুল্লাহ যেন নিরাপদে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রে তাকে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে।”
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।