সকল মেনু

ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাবে ইরান যে প্রতিক্রিয়া পাঠিয়েছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমার এটা পছন্দ হয়নি— ইরানের এই জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

গত সপ্তাহে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে একটি সমঝোতা চুক্তির খসড়া পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবে যুদ্ধ সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা, হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ৩০ দিনের আলোচনার প্রস্তাব রাখা হয়।

এর জবাবে রবিবার পাকিস্তানের মাধ্যমেই লিখিত প্রতিক্রিয়া পাঠায় ইরান। পরে পাকিস্তান সেই জবাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেয়। জবাব পৌঁছানোর কিছু সময় পরই ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানান ট্রাম্প।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে ইরান তার জবাবে এ বিষয়টি এড়িয়ে গিয়ে যুদ্ধবিরতি, বিশেষ করে লেবাননে সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয়কে অগ্রাধিকার দিয়েছে।
এছাড়া ইরান তাদের জবাবে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় সৃষ্ট অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার দাবি করেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের আপত্তির মূল কারণ ইউরেনিয়াম ইস্যু। বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিশুদ্ধতার মাত্রা ৯০ শতাংশে উন্নীত করা হলে তা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব বলে ধারণা করা হয়।

যুক্তরাষ্ট্র চেয়েছিল, ইরান যেন তাদের ইউরেনিয়ামের মজুত হয় ধ্বংস করে, নয়তো ওয়াশিংটনের কাছে হস্তান্তর করে। তবে তেহরান প্রস্তাব দিয়েছে— মজুত ইউরেনিয়ামের একটি অংশের বিশুদ্ধতা কমিয়ে দেশে রাখা হবে এবং বাকি অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তর করা হবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

এদিকে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘ইরান কখনও শত্রুর কাছে মাথা নত করবে না এবং নিজেদের জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।’

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top