সকল মেনু

ভর্তি জটিলতায় বছরে ‘৪০ লাখ বছর’ সময় অপচয় হচ্ছে: শিক্ষামন্ত্রী

এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতার কারণে দেশের শিক্ষার্থীদের বছরে সম্মিলিতভাবে প্রায় ‘৪০ লাখ বছর’ সময় অপচয় হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উপলক্ষ্যে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর প্রায় ২০ লাখ এসএসসি ও সমমান এবং ২০ লাখ এইচএসসি ও সমমানের শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার দীর্ঘ জটিলতায় আটকে থাকছে। শুধু ভর্তি পরীক্ষার কারণেই শিক্ষার্থীদের সম্মিলিতভাবে বিপুল সময় নষ্ট হচ্ছে, যা দেশের মানবসম্পদ ও ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি প্রশ্ন তোলেন, ‘কখন ভর্তি শুরু হবে, কখন শেষ হবে—এই বিষয়গুলোর সমন্বয়ের দায়িত্ব কি সংশ্লিষ্ট সবার নয়?’

এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দ্রুত একটি সমন্বিত ভর্তি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

উচ্চশিক্ষার মানোন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু কারিকুলাম বা সিলেবাস শেষ করলেই হবে না; শিক্ষা ব্যবস্থাকে কীভাবে আরও উন্নত ও কার্যকর করা যায়, সে চিন্তা থাকতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান শিক্ষার মানোন্নয়নের কেন্দ্র হবে নাকি শুধুই বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হবে—এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা প্রয়োজন।

‘আমরা কি সত্যিকারের শিক্ষিত মানবসম্পদ তৈরি করছি, নাকি শুধু ডিগ্রি দিচ্ছি—এই প্রশ্ন আমাদের সামনে রয়েছে,’ বলেন তিনি।

পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি বলেন, নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনই যথেষ্ট নয়, এগুলোকে গবেষণার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে ‘বেকারত্বের কারখানা’ বানানো যাবে না। বরং সেগুলোকে কর্মসংস্থানমুখী ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। এ ক্ষেত্রে শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। এতে ইউজিসির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইকিউএসি পরিচালকসহ শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top