গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশে সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কণ্ঠ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন- গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না, প্রয়োজনে আবারও রাজপথে নামবেন।
সমাবেশের সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের বক্তব্যে। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রাণের অধিকার।” কণ্ঠ ভারী হয়ে তিনি জানান, সংসদে গিয়ে তিনি ১৪০০ শহীদ ও ৩০ হাজার আহত জুলাইযোদ্ধার কথা তুলে ধরতে চান। তার ভাষায়, “আমাদের এই ত্যাগের ন্যায়বিচার না হলে আমরা থামবো না।”
একই সুরে কথা বলেন অন্যান্য শহীদ পরিবারের সদস্যরাও। শহীদ যুবায়ের খান ও আনাস ফারহান ফাইয়াজের পরিবারের সদস্যরা, আহত যোদ্ধা তৌহিদ ফারাজী ও আতিউর ইসলামসহ অনেকে তাদের বেদনা ও ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্যে বারবার উঠে আসে- জুলাই শুধু একটি ঘটনা নয়, এটি একটি অসমাপ্ত সংগ্রাম, যার পূর্ণতা আসবে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে।
সমাবেশে উপস্থিত পটুয়াখালীর আহত জুলাইযোদ্ধা রুহুল আমীন বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের ডাক যেই দলই দিক, আমরা তাদের সাথেই রাজপথে নামবো।” তিনি স্মরণ করিয়ে দেন, “আমাদের রক্তের বিনিময়েই আজকের সরকার তৈরি হয়েছে, এখন সেই রক্তের মর্যাদা দিতে হবে।”
বক্তারা আরও জানান, আন্দোলনের সময় যারা জীবন দিয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পরিবার আজও ন্যায়বিচারের অপেক্ষায়। তাদের দাবি, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চান তারা।
সমাবেশে উপস্থিত রাজনৈতিক নেতারাও গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে মত দেন। তবে পুরো আয়োজনজুড়ে সবচেয়ে বেশি গুরুত্ব পায় সাধারণ অংশগ্রহণকারী, আহত যোদ্ধা ও শহীদ পরিবারের বক্তব্য। তাদের কণ্ঠেই স্পষ্ট হয়ে ওঠে বর্তমান বাস্তবতার প্রতি হতাশা এবং ভবিষ্যতের জন্য দৃঢ় প্রত্যয়।
সমাবেশ থেকে একাধিকবার ঘোষণা দেওয়া হয়- গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলন গড়ে তোলা হবে। রাজপথ ও সংসদ, দুই জায়গাতেই এই দাবি জোরালোভাবে তুলে ধরা হবে।
সবশেষে অংশগ্রহণকারীরা এক কণ্ঠে বলেন, “এই লড়াই ক্ষমতার জন্য নয়, এটি ন্যায়বিচারের জন্য। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।