বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও বিভ্রান্তি ছড়ানোর কাজ শুরু করেছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী দাবি করেন, বিগত স্বৈরাচারের সময়কালে দেশ থেকে বিপুল অর্থ লুট ও পাচার হয়েছে।
তিনি আরও বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের মাধ্যমে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বলে তারা মনে করে।
তারেক রহমান জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং এটি দেশের মা-বোনদের স্বাবলম্বী করতে ভূমিকা রাখবে বলে দাবি করেন। পাশাপাশি কৃষকদের জন্য সহায়তা কর্মসূচি, কৃষি ঋণ পুনর্বিন্যাস এবং কৃষি খাতে সহায়তার উদ্যোগের কথাও তুলে ধরেন।
ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানী ব্যবস্থার কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইমাম, মোয়াজ্জেম ও খতিবদের জন্য সম্মানজনক ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে খাল খনন কর্মসূচির কথা তুলে ধরে তিনি জানান, বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি উৎপাদন বাড়াতে আগামী পাঁচ বছরে বড় পরিসরে খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু মহল ‘গুপ্তভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে’ এবং জনগণকে এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক আন্দোলন, সংস্কার প্রস্তাব ও ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দল দেশের উন্নয়ন ও সংস্কারের রূপরেখা দিয়েছে।
জনসভায় তিনি বগুড়ার উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন, কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয় অন্তর্ভুক্তির উদ্যোগ। এছাড়া বিদেশে কর্মসংস্থান সহজ করার উদ্যোগ, কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণের কথাও বলেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।