জ্বালানির দাম বৃদ্ধি পেলেও যাতে এর প্রভাব মূল্যস্ফীতিতে ব্যাপকভাবে না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২০ এপ্রিল) সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে দেশে যে পরিমাণ মূল্য সমন্বয় করা হয়েছে তা তুলনামূলকভাবে সীমিত। সরকার সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় নিয়েই নীতি গ্রহণ করছে।
হাম ও রুবেলার প্রকোপ নিয়ে তিনি বলেন, গত দুই বছরে স্বাস্থ্যখাতে অনিয়মের কারণে এ বছর এ রোগের প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।
এদিকে সিলেট বিভাগে মোট ১৩ লাখ ৫১ হাজার ৯৬৯ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪ লাখ ৬৫ হাজার ৩৫৪ জন, মৌলভীবাজারে ২ লাখ ১০ হাজার ১৮৬ জন, হবিগঞ্জে ৩ লাখ ৩৩ হাজার ৯৪১ জন এবং সুনামগঞ্জে ৩ লাখ ৪৪ হাজার ৫৮৮ জন শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মাসব্যাপী এই কর্মসূচির আওতায় সিলেট সিটি করপোরেশনের ৮৪টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। ইতোমধ্যে সিলেট বিভাগে হাম-রুবেলার উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে মন্ত্রী শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল পরিদর্শন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।