সকল মেনু

রমনা বটমূলে বোমা হামলা : বিচার হয়নি ২৫ বছরেও

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন রমনা বটমূলে বোমা হামলা হয়। ওই ঘটনায় ১০ জন নিহত ও কয়েকজন আহত হন। বোমা হামলার ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ।

দুটি মামলার মধ্যে ২০১৪ সালের ২৩ জুন হত্যা মামলার রায় হয়। তবে বিস্ফোরণের ঘটনার ২৫ বছর পার হলেও এখনো বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটির বিচার শেষ হয়নি।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের জুলাইয়ে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে মামলাটি ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এ স্থানান্তর করা হয়।

পরে ২০২৩ সালের জানুয়ারিতে মামলাটি মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৫-এ পাঠানো হয়। এই আদালতেই মামলাটি এখনো আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে রয়েছে।

জানা যায়, গত ৩১ মার্চ মামলাটির আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু আসামিদের আদালতে হাজির না করায় আদালত ৯ জুলাই শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

মামলাটির বিষয়ে সংশ্লিষ্ট আদালতের কৌঁসুলি মাহফুজ হাসান বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে মামলাটির বিচার দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই মামলায় কারাগারে থাকা আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলায় কারাগারে আটক রয়েছেন। তাদের উপস্থিত না হওয়ার কারণে মামলার শুনানি এগোচ্ছে না। আশা করি, মামলাটির বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এবং ভুক্তভোগীদের পরিবার ন্যায়বিচার পাবে।’

ঢাকা মহানগর আদালতের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, ‘হত্যা মামলায় রায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ৪৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলাটি প্রায় শেষ পর্যায়ে আছে। এখন বাকি সাক্ষীদের সাক্ষ্য নেওয়া যায় কি না—সেগুলো নিয়ে অতি তাড়াতাড়ি আমরা মামলাটি শেষ করব। আশা করছি, আগামী বৈশাখের আগেই একটি ফল পাওয়া যাবে।’

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে এ বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হন। এ ঘটনায় রমনা থানায় মামলা করে পুলিশ। পরে ২০০৮ সালের ২৯ নভেম্বর মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে সিআইডি আদালতে এ ঘটনায় দুটি অভিযোগপত্র জমা দেয়। এর একটি হত্যা, অপরটি বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।

বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার ১৩ বছরের মাথায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৯ নভেম্বর শীর্ষ হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি সম্পূরক চার্জশিট দাখিল করেন। এর মধ্যে ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে মুফতি হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন— মাওলানা তাজউদ্দিন (পলাতক), মাওলানা আকবর হোসাইন, মুফতি আব্দুল হাই (পলাতক), হাফেজ জাহাঙ্গীর আলম বদর (পলাতক), মাওলানা আবু বকর, মুফতি শফিকুর রহমান (পলাতক) ও আরিফ হাসান সুমন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা সাব্বির, হাফেজ ইয়াহিয়া, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা আব্দুর রউফ ও মাওলানা শাহাদাৎ উল্লাহ জুয়েল।

তবে হত্যা মামলাটির কিছু আসামির সাজা কমিয়ে ২০২৫ সালের ১৩ মে রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. তাজউদ্দিনের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আকবর, আরিফ, হাফেজ জাহাঙ্গীর, আবু বকর, আবদুল হাই, শফিকুর রহমান এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাব্বির, শেখ ফরিদ ও আবু তাহেরের সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট।

এদিকে বিস্ফোরক আইনে করা মামলায় ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মুফতি হান্নানসহ হত্যা মামলার ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরমধ্যে ২০১৭ সালের ১২ এপ্রিল রাতে মুফতি হান্নানের আরেক মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আবদুর রউফ ও ইয়াহিয়া মারা যাওয়ায় তাদের এ মামলার বিচারিক কার্যক্রম থেকে বাদ দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top