সকল মেনু

সালথায় প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ

ফরিদপুরের সালথায় অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’ আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। আত্মপ্রকাশের প্রথম দিনেই আলোচনা সভা এবং মাঝারদিয়া এলাকার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’।

জানা যায়, সমাজের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সরকারি, বেসরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গকে নিয়ে এই সংগঠনটি জুলাই ২০২৫ সালে প্রথম কার্যক্রম শুরু করে। শিক্ষার মানোন্নয়ন, গ্রামের সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণ, অসহায় ও দরিদ্রদের সহায়তা, এবং গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা—এসবই সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য। প্রস্তাবিত উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম গতিশীল করা এবং মাঝারদিয়া গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। সরকারি নগরকান্দা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বাবু মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (হামিদ), ফরিদপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রেজাউল করিম প্রমুখ। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল আলম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top