সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনোই কেউ পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) সকালে সেনানিবাসের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করারও চেষ্টা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই সেনাবাহিনীর একমাত্র পবিত্র দায়িত্ব।
অতীতের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, নানা সময়ে সেনাবাহিনীর ভূমিকা ও অবস্থানকে ঘিরে বিতর্ক তৈরির চেষ্টা করা হয়েছে। তবে ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময় এবং অন্তর্বর্তী সরকারের সময়ে সেনাবাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেনাবাহিনী স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে।
সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, তার দেশপ্রেমের চেতনা সেনাবাহিনীতে যে অনুপ্রেরণা সৃষ্টি করেছিল, তা অব্যাহত রাখতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বিএনপি সরকারের সময়েই নতুন উচ্চতায় পৌঁছেছিল।
শেষে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাই সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।