সকল মেনু

সয়াবিন তেলের সংকটে বাজার অস্থির, বেড়েছে মুরগি-সবজির দাম

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে টানাপোড়েন দেখা দিয়েছে। একই সঙ্গে সোনালি মুরগি ও বেশিরভাগ সবজির দামও চড়া থাকায় নিত্যপণ্যের বাজারে অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা যায়, ৫ লিটারের বোতল ছাড়া অন্য আকারের সয়াবিন তেলের বোতল প্রায় অনুপস্থিত। আধা লিটার, এক লিটার ও দুই লিটারের বোতল বেশিরভাগ দোকানেই মিলছে না।

অনেক দোকানে খোলা সয়াবিন তেল পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি দরে।

বর্তমানে সরকার নির্ধারিত এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা। খোলা সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৭৬ টাকা এবং পাম তেলের দাম ১৬৪ টাকা হলেও বাজারে খোলা সয়াবিন ২০০ থেকে ২১০ টাকা এবং পাম তেল ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, ডিলার পর্যায়ে সরবরাহ কমে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। কেউ কেউ জানান, গত কয়েক দিন ধরে কোম্পানিগুলো নতুন করে অর্ডার নিচ্ছে না বা শর্তসাপেক্ষে পণ্য দিচ্ছে।

রাজধানীর মগবাজারের একজন খুচরা বিক্রেতা বলেন, ‘তেল না থাকলে ক্রেতারা অন্য পণ্যও কিনতে চান না। বেচাবিক্রি কমে গেছে। বেশি দামে কিনে এনে বিক্রি করতে হচ্ছে।’

এদিকে, বাজারে সোনালি মুরগির দাম এখনও তুলনামূলক বেশি। কেজিপ্রতি ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে এই মুরগি। যদিও এক সপ্তাহ আগে দাম ৪৫০ টাকা পর্যন্ত উঠেছিল। ব্রয়লার মুরগির দাম ১৮৫ থেকে ২০০ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।

খামার সংশ্লিষ্টরা বলছেন, রোগবালাই ও উৎপাদন কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। তবে চাহিদা কমে আসায় সাম্প্রতিক সময়ে দাম কিছুটা কমেছে।

অন্যদিকে, ডিমের দামও বেড়েছে। প্রতি ডজন ডিম ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১১০ টাকার মধ্যে। কোথাও কোথাও তা ১২৫ থেকে ১৩০ টাকায়ও বিক্রি হচ্ছে।

সবজির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৮০ টাকার কাছাকাছি বা তার বেশি। শুধু আলু ২৫ টাকা, পেঁপে ও গাজর ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

পটোল ও ঢ্যাঁড়স ৬০ থেকে ৮০ টাকা, সিম ও সজিনা ৮০ থেকে ১০০ টাকা, আর ঝিঙ্গা, চিচিঙ্গা, বরবটি ও করলা ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাকরোলের দাম ১২০ থেকে ১৬০ টাকা পর্যন্ত উঠেছে।

তবে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম তুলনামূলক কম রয়েছে। কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা এবং পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top