সকল মেনু

বগুড়ায় ‘মাগুরার মতো’ ভোট হতে দেওয়া হবে না: জামায়াত প্রার্থী

বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে ঘিরে ‘মাগুরা-মার্কা’ ভোটের আশঙ্কা তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী আবিদুর রহমান সোহেল। তবে তার অভিযোগ পুরোপুরি নাকচ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে বগুড়া শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, বিএনপি আরেকটি ‘মাগুরা-মার্কা’ নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। তিনি দাবি করেন, প্রশাসন বিএনপির বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমলে নিচ্ছে না, ফলে নিরপেক্ষ পরিবেশে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, “প্রশাসন নিরপেক্ষভাবে কাজ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ৯ এপ্রিলের উপনির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।”

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও কর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে তিনি আরও বলেন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং কোথাও কোথাও হামলার ঘটনাও ঘটেছে। তার অভিযোগ, প্রতিদ্বন্দ্বী পক্ষ পরিকল্পিতভাবে নির্বাচনি পরিবেশ অশান্ত করে তুলছে।

এছাড়া, তার ব্যানার-ফেস্টুন অপসারণ করে প্রতিদ্বন্দ্বী দলের প্রতীক সংবলিত প্রচারসামগ্রী টানানোর অভিযোগও তোলেন তিনি। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও বিচারিক কর্তৃপক্ষের কাছে ১৫টি লিখিত অভিযোগ জমা দেওয়ার কথাও জানান, যার সঙ্গে ভিডিও প্রমাণ রয়েছে বলেও দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তার অভিযোগ।

উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পাঁচ দফা দাবি তুলে ধরেন জামায়াত প্রার্থী। এর মধ্যে রয়েছে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, সন্ত্রাসীদের গ্রেপ্তার, ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন, দলীয় প্রিজাইডিং কর্মকর্তাদের বাতিল এবং নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী মোতায়েন।

অন্যদিকে, এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, “পরাজয় নিশ্চিত জেনে জামায়াত ভিত্তিহীন অভিযোগ করছে।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top