সকল মেনু

ইরানে আবারও ভয়াবহ হামলা ইসরায়েলের, রাগে ফুঁসছে তেহরান

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা এইমাত্র ইরানের সরকারি অবকাঠামো ও স্থাপনা লক্ষ্য করে একটি কার্যকরী ও ব্যাপক হামলা সম্পন্ন করেছে। ঘটনার সত্যতা যাচাই করে একের পর এক স্থাপনায় মিসাইল হামলার খবর জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো। তাদের বরাতে জানা যায়, দেশটির আহভাজ, শিরাজ, ইসফাহান, কারাজ, কেরমানশাহ এবং বন্দর আব্বাসসহ বেশ কিছু শহর থেকে হামলার খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায়, বিভিন্ন স্থানে মিসাইল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্থানগুলো। বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, কর্মরত একটি স্বাস্থ্য সংস্থার অন্তত দশজন নার্স নিহত হয়েছেন।

প্রতিষ্ঠানটির প্রধান বলেন, ‘নার্সদের তাদের দায়িত্ব পালনের স্থানে হত্যা করা হয়েছে। তবে তাদের সেই হত্যাকাণ্ড সত্ত্বেও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।’

একজন ইরানি কর্মকর্তা বলেছেন, মার্কিন-ইসরায়েলি বাহিনী তেহরানে তোফিঘ দারু ফার্মাসিউটিক্যাল কাঁচামাল ইউনিটে বোমা হামলা চালিয়ে এর গবেষণা ও উন্নয়ন বিভাগ ধ্বংস করে দিয়েছে এবং এটি ‘জাতীয় চিকিৎসা সরবরাহ শৃঙ্খলে একটি বড় আঘাত’ হেনেছে। বেসামরিক ও নাগরিক স্থাপনায় ইসরায়েলি হামলায় রাগে ফুঁসছে পুরো ইরান। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকগণ জানিয়েছেন, ‘রাজধানীর অন্যান্য অংশে, বিশেষ করে উপকণ্ঠে, আরও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অন্ধকার হলেই এ যেন এক নিয়মে পরিণত হয়েছে।’

দেশটির পক্ষ থেকে গত ২৪ ঘণ্টায় ক্ষতিগ্রস্ত হওয়া বেশ কিছু বেসামরিক স্থাপনার তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে তেহরানের পশ্চিমে ক্যান্সারের ওষুধ উৎপাদনকারী একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ইসফাহানের ইস্পাত শিল্প, বন্দর আব্বাসের একটি বাণিজ্যিক সমুদ্রবন্দর, পশ্চিম ইরানের বোরুজেনের একটি ইস্পাত কারখানা, বুশেহরের একটি আবহাওয়া কেন্দ্র এবং পশ্চিম ইরানের মালাবের একটি আবাসিক কমপ্লেক্স।

সামরিক স্থাপনার বদলে বেসামরিক অবকাঠামোয় হামলার ঘটনাকে নেতিবাচকভাবে দেখছে ইরান। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের এই পদক্ষেপকে নির্লজ্জ মিথ্যা আখ্যা দিয়েছেন দেশটির সাধারণ নাগরিকরা। তারা জানিয়েছেন, ‘এগুলো হলো বেসামরিক স্থাপনা যা আমেরিকান এবং ইসরায়েলিরা ধ্বংস করছে।’ এই ঘটনায় কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার।

এছাড়া সর্বশেষ খবর অনুযায়ী, বৈরুতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৭ জন নিহত এবং প্রায় এক ডজন আহত হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সাথে ‘ভয়াবহ সংঘর্ষের’ খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোঁড়া একটি মিসাইল প্রতিহত করেছে। চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেন থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তারা আরও জানায়, ডিমোনা থেকে আশকেলন শহর পর্যন্ত দক্ষিণ ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top