ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফকির মিয়া দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে রাজনীতি না করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ফারুকুজ্জামান ফকির মিয়া বলেন, তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই এ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। বর্তমানে তিনি সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না। এখন থেকে নিজ এলাকার জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং জনকল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. অহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি শেখ মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।