সকল মেনু

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা তাস জানিয়েছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ছয়জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী রয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “মস্কোর সময় অনুযায়ী ৩১ মার্চ রাত ৮টার দিকে একটি এএন-২৬ সামরিক পরিবহন বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটি ক্রিমিয়ায় একটি পূর্বনির্ধারিত ফ্লাইটে উড়ছিল।” রাশিয়া বিমানটিতে মোট কতজন যাত্রী ছিলেন তা প্রকাশ করেনি। দেশটি জানিয়েছে, কেউ বেঁচে যায়নি।

বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এএন-২৬ সামরিক পরিবহন বিমানগুলো ১৯৬০-এর দশক থেকে ব্যবহার হচ্ছে। এগুলো সাধারণত মালবহন এবং সামরিক কাজে ব্যবহৃত হয়। এর আগেও এ মডেলের একাধিক বিমান বিধ্বস্ত হয়েছে।

এর আগেও ২০২২ সালে ইউক্রেনে একটি এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হন। ২০২০ সালে রাশিয়ায় আরেকটি এএন-২৬ বিধ্বস্ত হয়ে ২৬ জন নিহত হন, একজন বেঁচে যান। দক্ষিণ সুদানে রুশ সেনাবাহিনীর এএন-২৬ বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হন, যাদের মধ্যে ৫ জন রুশ নাগরিক। ২০১৭ সালে আইভরি কোস্টে একটি রাশিয়ার এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু ঘটে।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top