বাংলাদেশ সরকার দেশের ক্রীড়া খাতের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য চীনের বড় বিনিয়োগ এবং কারিগরি সহায়তা চেয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎকারে এই আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রস্তাবিত স্পোর্টস ইনস্টিটিউটে চীনের বিনিয়োগ এবং ভলিবল, আর্চারি ও শুটিংসহ বিভিন্ন ইভেন্টে দক্ষ চীনা কোচ ও উন্নত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সকল ক্রীড়া ইভেন্টকে সমানভাবে এগিয়ে নিচ্ছে। খেলোয়াড়দের জন্য বিশেষ ক্রীড়া ভাতা এবং ডিজিটাল ক্রীড়া কার্ড কর্মসূচির উদ্বোধন ইতিমধ্যেই করা হয়েছে। এছাড়া চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া উদ্যোগ এবং খেলোয়াড়দের মাসিক ভাতা কর্মসূচি ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ ও আশাবাদ প্রকাশ করেন। এছাড়া চীনের জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন এবং দুই দেশের ক্রীড়া খাতকে নিয়মিত সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমৃদ্ধ করার সম্ভাবনা তুলে ধরেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।